রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি: মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পাঁচ বছর আগে স্থাপন করা হয় ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ। বর্তমানে এই কলেজে ৬টি ব্যাচে সাড়ে ৩শ’ শিক্ষার্থী অধ্যায়নরত। কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অনুষদভুক্ত করার দাবি দীর্ঘদিনের। কিন্তু সেই দাবি বাস্তবায়ন হয়নি প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প চলমান থাকায়। কিন্তু গত ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। তারপরও মন্ত্রণালয় থেকে কোন সিদ্ধান্ত দেওয়া হয়নি। এজন্য যবিপ্রবি অনুষদভুক্ত কিংবা স্বতন্ত্র কলেজ হিসেবে এগুতো পারছে না।
শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনের মুখে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে শংকিত। জানা যায়, ২০১৪ সালে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানীতে ঝিনাইদহ সরকারি ভেটেনারি কলেজ স্থাপন প্রকল্প শুরু হয়। ওই বছর শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। কলেজটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। বর্তমানে ৬টি ব্যাচে ৩৫০জন শিক্ষার্থী অধ্যায়নরত। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর কলেজ স্থাপন প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। কলেজটি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদভুক্ত করা যাচ্ছেনা।
যবিপ্রবি অনুষদভুক্ত করার দাবিতে গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে ১ মার্চ কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা জানান, আমরা জাতির জনকের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নকে সামনে নিয়ে, দক্ষ প্রাণি চিকিৎসক হওয়ার আশায় ঝিনাইদহ এই কলেজে ভর্তি হয়েছিলাম। আমাদের সে স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে। ২০১৪ সালে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় কলেজিটির যাত্রা শুরু হয়। কিন্তু প্রাণিসম্পদ অধিদপ্তরের আন্ডারগ্রাজুয়েশন লেভেল শিক্ষা কার্যক্রম পরিচালনার আইনি কোন বৈধতা নেই। আবার কলেজটি পরিচালনার কোন সুনির্দিষ্ট নীতিমালাও নেই। যার ফলে শিক্ষাকার্যক্রম শুরুতেই নানা সমস্যার সমুক্ষীন। কলেজটিতে অকাঠামো আছে। কিন্তুু দক্ষ ও পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা উপকরণের অভাব রয়েছে। ল্যাবরেটরি আছে, রিঅ্যাজেন্ট নেই।
শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয় সমমর্যাদার এই কলেজটিতে কোন অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক নেই। প্রাণি সম্পদ অধিদপ্তরের জেলা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ও অতিথি শিক্ষক দিয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে সেশন জট বাড়ছে। ইন্টার্ন প্রাণি চিকিৎসকদের কোন সম্মানি ভাতার ব্যবস্থা নেই। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কলেজে সংকট প্রকট আকার ধারণ করেছে। কলেজটি যবিপ্রবি অনুষদভুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করলে প্রশাসনের সহায়তায় গত ১ মার্চ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সেশনজট আরও বাড়বে। ভবিষ্যৎ নিয়েও শংকিত।
ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ বলেন, প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। শিক্ষার্থীদের দাবির বিষয়টি লিখিতভাবে প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছি। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদভুক্তি। এটি সময় সাপেক্ষ ব্যাপার। প্রাণি সম্পদ মন্ত্রণালয় কলেজটি শিক্ষামন্ত্রণালয়ে হস্তান্তর করলে, তারপর যবিপ্রবি অনুষদভুক্ত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত হওয়ায় প্রশাসনের সহায়তায় হল খালি ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।