রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :কিশোরগঞ্জের ভৈরবে মাদক প্রতিরোধে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুরে উপজেলা বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় উপজেলার শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার খালেদ, ভৈরব সার্কেল অফিসের অতিরিক্ত পুলিশ সুপার ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আসাদুজ্জামান, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান, শিমুলকান্দি ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মোঃ আজিজ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আলম দানিছ।
মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলুন, মাদক মানুষের প্রতিভা ও সৃষ্টিশীলতাকে ধ্বংস করে এই প্রতিপাদ্যকে শ্লোগান দিয়ে আজকের অনুষ্ঠানে এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬/৭ শ ছাত্রছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সমাজের সুধীজন উপস্হিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে মাদক নির্মূলের নির্দেশ দিয়েছেন। মাদক সমাজকে ধ্বংস করছে এবং মাদকের কারণে অনেক পরিবারের সামাজিকতা নষ্ট হচ্ছে মাদক ব্যবসায়ীরা দেশের শত্রু, সমাজের শত্রু তাই আইন শৃংখলা বাহিনীকে আরও কঠোরভাবে কাজ করতে হবে এবং সমাজের সকলকেই আইন শৃংখলা বাহিনীকে সহযোগীতা করতে হবে বলে বক্তারা তাদের বক্তব্যে জানান।
এছাড়াও সমাবেশ অনুষ্ঠানে শিমুলকান্দি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত রাখতে এলাকার দুজন ভিক্ষুককে পূর্নবাসনের লক্ষে মিলন মিয়া নামের এক ভিক্ষুককে একটি গাভী ও তারা মিয়া নামের এক ভিক্ষুককে একটি রিক্সা প্রদান করে জেলা প্রশাসক।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমাদের সমাজ থেকে মাদক নির্মুলে পুলিশ সর্বদা চেষ্টা করছে। সমাজের সচেতন মানুষরা পুলিশকে সহযোগীতা করলে মাদক নির্মুল করা আরও সহজ হবে বলে তিনি জানান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, সমাজের পরিবারগুলিকে আরও সচেতন হতে হবে। মাদক মানুষের জীবনকে ধ্বংস করে দেয় একথা শিশু কিশোরদেরসহ নিজদের সন্তানদেরকে জানিয়ে উপদেশ দিতে হবে। মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলুন এই প্রতিপাদ্যকে প্রচার করতে হবে। তিনি আইন শৃংখলা বাহিনীকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হতে নির্দেশ দেন।