বুধবার বিকেলে কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। ৩৭তম বিসিএসের নন ক্যাডারে ৫৭৮ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।
৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে সুপারিশের এই ফলাফল প্রকাশ করে কমিশন। এতে ৫৭৮ জনকে প্রথম শ্রেণিতে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে উল্লেখযোগ্য সংখ্যক সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার পদে ১৫০ জন, খাদ্য অধিদপ্তরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৫২ জন, নির্বাচন কমিশন সচিবালয়ের উপজেলা/থানা নির্বাচন অফিসার পদে ২৩ জন, নিবন্ধন পরিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে ৪০ জন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ৩১ জনসহ সর্বমোট ৭৮ ক্যাটাগরির ৫৭৮টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করে পিএসসি।
বিস্তারিত জানতে পিএসসির ওয়েবসাইটে চোখ রাখুন।