আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান বিশ্বকে বলা হয় আইটির যুগ। বিশ্বায়নের এই প্রান্তে ইনফরমেশন টেকনোলজিতে যে দেশ যত অগ্রসর সে দেশ তত উন্নত। আর আইটি কে সরকার প্রাধান্য দিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে। আর তা থেকে পিছিয়ে নেই গ্রামের প্রান্তিক নারীরাও। সেই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অন্তর্ভুক্ত অধুনালুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলের ২০৫ জন নারীকে ৫০ দিনব্যাপী বেসিক আইটি ও আইসিটি প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে সনদপত্র দেয়া হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তর তাদের অধুনালুপ্ত ছিটমহলের নারীদের জন্য ইউনিয়ন পর্যায়ে বেসিক আইটি/আইসিটি লিটারেসি এবং নারীর জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক কর্মসূচি’র আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে।
শনিবার (২৩ মার্চ) ফুলবাড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তর ডাকবাংলো চত্বরে সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।

এ প্রসঙ্গে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার জানান, আত্মকর্মসংস্থান করে নিজেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অধুনালুপ্ত দাসিয়ারছড়ার ন্যুনতম এসএসসি পাশ ২০৫ জন নারীকে বেসিক আইটি (ইনফরমেশন টেকনোলজি) এবং আইসিটি (ইনফরমেশন কম্যুনিকেশন টেকনোলজি) বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
আউটসোর্সিং, ডাটাবেজ, গ্রাফিক্স ডিজাইনসহ সংশ্লিষ্ট বিষয়ে ৫০ দিনব্যাপী এই প্রশিক্ষণ দেয়া হয়। দাসিয়ারছড়ার ১০ টি স্পটে ১০ টি ব্যাচে এই প্রশিক্ষণ দেয়া হয়।