বাংলাদেশ পুলিশ আগামী ১৫ নভেম্বর থেকে তাদের সদস্যদের জন্য চালু করতে যাচ্ছে নতুন নকশার বহুল–প্রতীক্ষিত লৌহবর্ণ পোশাক। প্রথম পর্যায়ে এই নতুন ইউনিফর্ম পরবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং বিশেষায়িত ইউনিটগুলো—যেমন হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন এক বিবৃতিতে জানান, নতুন পোশাকের ডিজাইন ও রঙের মাধ্যমে পুলিশ বাহিনীর আধুনিক, পেশাদার ও জবাবদিহিমূলক ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, “লৌহবর্ণের এবং স্বতন্ত্র স্টাইলের এই নতুন পোশাক ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রথমে মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা এটি পরিধান শুরু করবেন, পরবর্তীতে রেঞ্জ ও জেলা পর্যায়ের সদস্যদের মধ্যে তা বিতরণ করা হবে।”
উল্লেখ্য, চলতি বছরের ২০ জানুয়ারি বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর ইউনিফর্মের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এই পরিবর্তন বৃহত্তর সাংগঠনিক সংস্কার ও আধুনিকায়ন উদ্যোগের অংশ হিসেবে গৃহীত হয়।
নতুন পোশাকের মাধ্যমে বাহিনীর পেশাদারিত্ব, স্বচ্ছতা ও গণমুখী সেবার প্রতিফলন ঘটানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে তাদের আধুনিক ও মানবিক পরিচয় আরও সুস্পষ্টভাবে উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।