সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সদর উপজেলার তেলকুপিতে ক্ষতিকর ইউরিয়া, সোডা ও কাপড়ের মার দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরী ও বিক্রির দায়ে ফুডস কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ আদেশ দেন।
আদালতের পেশকার মিলন সরকার জানান, তেলকুপি এলাকার আনি ফুডস কারখানা দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইউরিয়া, সোডা ও কাপড়ের মার দিয়ে বেকারী পণ্য উৎপাদন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালিয়ে ইউরিয়া ও সোডা দিয়ে চানাচুর তৈরি করার বিষয়টি হাতেনাতে ধরা পরে। এছাড়া বিএসটিআই এর ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের সনদপত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স না থাকায় ওই প্রতিষ্ঠানের মালিক শহীদুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় খাবার সোডা, ইউরিয়া ও কাপড়ের মার জব্দ করে জনসম্মুখে ধবংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।