আরিফ ঢালী বাগেরহাট: সিকিউরিটি খাম ব্যবহারের কারণে আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্ন রোধ করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন এসএসসি পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। গতকাল বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: তানজিলুর রহমানের সভাপতিত্বে আসন্ন এসএসসি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে উপজেলার পরীক্ষা কেন্দ্র সমূহের সাথে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব, কেন্দ্র পরিচালনা কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে সভায় এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সূত্রে প্রকাশ, পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব সামাজিক মাধ্যমে এক ধরণের বড় আলোড়ন সৃষ্টি করে থাকে। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ এক ধরণের অস্বস্তিকর পরিস্হিতির মধ্যে পড়েন। সততা ও নিষ্ঠার সাথে কাজ করার পরও বিভিন্ন ধরণের গুজব পরীক্ষা ও অভিভাবকদের বিড়ম্বিত করে। প্রশ্ন ফাঁস ও প্রশ্ন ফাঁসের গুজব রোধে সরকার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিলেও বিভিন্নভাবে তা চলে আসছে। প্রশ্ন ফাঁস রোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর অন-লাইন প্রশ্ন প্রণয়ন করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলেও এখনো পাবলিক পরীক্ষায় এভাবে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয় নি।
গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভায় বক্তারা বলেন, ফয়েল পেপারের সিকিউরিটি খাম ব্যবহারের ফলে ট্রেজারী থেকে কেন্দ্র পর্যন্ত প্রশ্নের নিরাপত্তা জোরদার হয়েছে। প্রশ্ন সর্টিং এর সময় ট্রেজারীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্হিতিতে সম্পন্ন করা হয়। তখন সর্টিং করা প্রশ্ন সিকিউরিটি খামের মধ্যে রাখা হয়, যে খামে ৩ জন কর্মকর্তার স্বাক্ষর থাকে। আবার পরীক্ষার দিনে আবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট উক্ত প্রশ্নপত্র সিকিউরিটি খাম দেখে বিতরণ করেন। পরীক্ষার কেন্দ্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকিউরিটি খাম অক্ষুন্ন দেখে প্যাকেট খুলে প্রশ্ন বের করেন। পরীক্ষার মাত্র ২০/৩০ মিনিট আগেই নিশ্চিত হওয়া যায় কোন সেটের প্রশ্নে পরীক্ষা হবে। তাই এই সিকিউরিটি খাম প্রশ্ন ফাঁস রোধে বিরাট ভুমিকা রাখবে। এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্র জানান, গত জেএসসি পরীক্ষা থেকে সিকিউরিটি খাম ব্যবহার করা হচ্ছে তখন থেকে প্রশ্ন ফাঁসের কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। এমনকি প্রশ্ন ফাঁসের মতো কোন ধরণের গুজবও ওঠেনি। সকলের আন্তরিকতা , সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে শুধু প্রশ্ন ফাঁস নয়, সব ধরণের অপরাধ রোধ করা সম্ভব বলে তিনি মনে করেন।