টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা “শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না”—এই স্লোগানে শহর মুখরিত করে তোলে।
বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, মঙ্গলবার নিরালার মোড়ে এনসিপির পদযাত্রার সময় ক্লাস চলাকালে শিক্ষার্থীদের জোর করে মিছিলে নিয়ে যাওয়া হয়। শিক্ষকরা বাধা দিলে তাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তোলেন তারা।
বক্তারা আরও বলেন, বিন্দুবাসিনী স্কুল থেকে বহু গুণী ব্যক্তিত্বের জন্ম হলেও কেউ কখনো এ প্রতিষ্ঠানকে রাজনীতির হাতিয়ার বানায়নি। এনসিপিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
আন্দোলনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে চলেছে।
এ বিষয়ে জেলা এনসিপির পক্ষ থেকে জানানো হয়, “আমরা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করছি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জানিয়ে দিচ্ছি, ভবিষ্যতে এনসিপির কোনো কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যবহার করা হবে না।”