নিজস্ব প্রতিবেদক :
মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ এন্টি-ড্রাগ ফেডারেশন কর্তৃক আয়োজিত মাদক বিরোধী সেমিনারে বক্তারা এই মন্তব্য করেন। মাদক সমস্যা আজ বিশ্বব্যাপী প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত। মাদকের প্রভাব আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যে তরুণ প্রজন্ম আগামীতে দেশ ও জাতির হাল ধরবে তারাই আজ মাদকের ভয়াল থাবায় নিজের জীবনকে নষ্ট করছে। মাদক সমস্যা দূরীকরণে আমাদের সংঘবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
গত মঙ্গলবার সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ এন্টি-ড্রাগ ফেডারেশন এর উদ্যোগে সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে বক্তারা বলেন ১৯৮৮ সাল থেকে বিশ্বব্যাপী প্রতিবছর ২৬ জুন মাদক বিরোধী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য বিষয় হল, ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও দিবসটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী পালন করা হচ্ছে। জাতিসংঘ কর্তৃক ঘোষিত দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘হেলথ ফর জাস্টিস, জাস্টিস ফর হেলথ’ যার অর্থ হচ্ছে ‘সুস্বাস্থ্যই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার সম্পর্কে সমাজের সর্বস্তরের জনসাধারণকে অবহিত করা এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে গণজাগরণ সৃষ্টি করাই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য।
বক্তারা বলেন, বর্তমানে মাদকাসক্তদের পরিসংখ্যানের কোন তথ্য না থাকলেও বেসরকারিভাবে দেশে প্রায় ৭৫ লাখের বেশি মাদকাসক্ত রয়েছে এবং মাদক সেবীদের মধ্যে ৮০% যুবক যাদের ৪৩% বেকার ৫০% অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। কিছুদিন আগেও যারা ফেন্সিডিলে আসক্ত ছিল তাঁদের অধিকাংশ ইয়াবা আসক্ত। আমাদের দেশের তরুণ সমাজকে গ্রাস করেছে প্রতিদিন যেমন ইয়াবা ধরা হচ্ছে তেমনি প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তরুণরা গ্রহণ করছে। আরও একটি ভয়ঙ্কর চিত্র হচ্ছে সারা দেশে ছড়িয়ে পড়া ইয়াবার শতকরা ৮৫ ভাগই ভেজাল যার ফলে এসব ইয়াবা গ্রহণকারী মাদকাসক্তরা নানান ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে তার মধ্যে কিডনি,লিভার ছাড়াও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম নষ্ট হয়ে যাচ্ছে।
বক্তারা বলেন,বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশন মাদকাসক্তির মুক্ত বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। মাদকাসক্তি একজন ব্যক্তির শারীরিক মানসিক ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি তার জীবনের সকল সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। বস্তুত এ ভয়াবহ সামাজিক ব্যাধি জীবন থেকে জীবন কেড়ে নেয়। যে পরিবারে একজন মাদকাসক্ত রয়েছে সে পরিবারের দুঃখ-দুর্দশা অন্তহীন। মাদকাসক্ত এই তরুণরা জাতির ভবিষ্যৎ না হয়ে ক্রমশঃ বোঝা হয়ে পড়ছে তাই মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত প্রয়াস অপরিহার্যসেমিনারে সকলকে সে কথা স্মরণ করিয়ে দেয়।
বাংলাদেশ এন্টি-ড্রাগ ফেডারেশন এর সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে বক্তারা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি,শিক্ষা উপ- মন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা জনাব ইকবাল সোবহান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ। বাংলাদেশ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য জনাব খবির উদ্দিন আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য ও মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. অরূপ রতন চৌধুরী। সেমিনারের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।