রাজধানীর সাভারের আমিনবাজার ল্যান্ডফিল এলাকায় দ্রুত সময়ের মধ্যে “বর্জ্য থেকে বিদ্যুৎ” (ওয়েস্ট টু এনার্জি) প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শনকালে তিনি এ আশ্বাস প্রদান করেন। প্রতিমন্ত্রী জানান, সাভার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ক্রমবর্ধমান বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও পরিবেশ দূষণ মোকাবিলায় এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার (টপ প্রায়োরিটি) দেওয়া হয়েছে। দীর্ঘদিন জমে থাকা বর্জ্যে সৃষ্ট তীব্র দুর্গন্ধ ও দূষণে স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে উল্লেখ করে তিনি এ সমস্যা নিরসনে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২১ সালে শুরু হওয়া এ প্রকল্পটি বিভিন্ন জটিলতার কারণে বাস্তবায়নে বিলম্ব হয়েছিল। তবে বর্তমান সরকারের দ্রুত হস্তক্ষেপে এ জটিলতা দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ সংশোধনের কাজ চলছে।
তিনি উল্লেখ করেন, “সবার আগে বাংলাদেশ” নীতির আলোকে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকাকে বাসযোগ্য ও দূষণমুক্ত নগরীতে রূপান্তর করতে “গ্রিন ঢাকা, ক্লিন সিটি” উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করে তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বিদ্যুৎ বিভাগকে সমন্বিতভাবে কাজ করে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করতে হবে।
পরিদর্শনকালে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।