হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-৪(কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেছেন, পৃথিবীকে অশুভ মানুষের দখল থেকে মুক্ত করার হাতিয়ার হচ্ছে বই। বই মানে আলো। বই পড়লে জ্ঞানার্জন করা যায়। জ্ঞানার্জন করতে পারলে আলোকিত মানুষ হওয়া সম্ভব।
২৮ জানুয়ারী সোমবার কাপাসিয়া উপজেলার রূপনগর পালকি কমিউনিটি সেন্টারে তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বছরব্যাপী স্কুল ভিত্তিক বইপড়া কর্মসূচির পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বই পড়া মানুষ প্রসারিত দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজকে আলোকিত করতে পারে। নানা ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখার মাধ্যমে ভূমিকা রাখতে পারে। পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়তে হবে। এতেই নিজেকে বিকশিত করা সম্ভব।
স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। কাপাসিয়ার ১১ টি ইউনিয়নের ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ বইপড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে। ২০১৮ সালে বইপড়া কর্মসূচিতে ১৪৫০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
সোহেল তাজ বলেন, বই মানুষের মনকে ঐশ্বর্যবান করে তোলে। তোমরা যত বেশি বই পড়বে, তত ঐশ্বর্যবান হবে। তোমাদের হৃদয় সুন্দর হোক, তোমাদের ভাষা সুন্দর হোক, তোমাদের জীবন সুন্দর হোক। সে জীবন দিয়ে তোমরা যে বাংলাদেশ গড়বে তা যেন সুন্দর হয়।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিব হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মনজুরে আহসান, মো: গোলাম কিবরিয়া, ফাউন্ডেশনের সদস্য আলমগীর কবির।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সংগঠক পারভেজ আহমেদ পাপেল।