পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তের ম্যুরালে জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের স্মৃতি অম্লান রাখতে বিশেষ গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের দিকনির্দেশনায় এ কাজ চলছে।
বৃহস্পতিবার সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গ্রাফিতি অঙ্কনের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ, প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউস, অন্যান্য কর্মকর্তা এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
সেতু কর্তৃপক্ষ জানায়, শিল্পকর্মটি জুলাই বিপ্লবের বীরত্ব, আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনার প্রতিচ্ছবি হিসেবে সেতুর স্থাপত্যশৈলীর সঙ্গে মিলিত হয়ে ইতিহাসের এক অনন্য শিল্পরূপ ধারণ করবে। এটি শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, নতুন প্রজন্মের কাছে জাতির সংগ্রামী অতীতকে জীবন্ত করে তোলার একটি প্রয়াস।
পরিদর্শন শেষে সচিব বলেন, “জুলাই বিপ্লবের চেতনা ও শহীদদের আত্মত্যাগ জাতির অমূল্য সম্পদ। এই গ্রাফিতি কাজ ইতিহাস ও নান্দনিকতার এক অনন্য সংমিশ্রণ।”
সেতু কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগ শিল্পপ্রেমীসহ সমগ্র জাতিকে অনুপ্রাণিত করবে এবং মুক্তি ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসকে আরও দৃঢ়ভাবে ধারণ করবে।