আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের লক্ষ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ ও নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, রিটার্নিং অফিসারের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম নির্বাচনী ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কিছু প্রার্থী ও তাঁদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা কিংবা যুব সমাবেশের নামে ভোটারদের একত্র করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান রিটার্নিং অফিসারের পূর্বানুমতি ছাড়াই তাদের মাঠ বা হলরুম ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
নির্বাচনী শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে সমাবেশ বা প্রচারণার ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, খুব শিগগিরই মাউশির পক্ষ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যেন নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করে, সে বিষয়টি জোরদার করা হবে।