নোবেল বিজয়ী, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ও নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।
তিনি বলেছেন- সারাদেশের ৪০ হাজার জুয়েলারি ব্যবসায়ী পরিবার ও এরসঙ্গে জড়িত প্রায় ২৫ লাখ মানুষের দায়িত্বশীল ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সারাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানসহ সকল শিল্প-কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর আরো বলেন- সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের সাথে সংঘর্ষকে কেন্দ্র করে নিহত শিক্ষার্থী ও নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
হতাহতের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী ক্ষতিপুরণের ব্যবস্থাসহ গুরুতর আহতদের চিকিৎসার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।