জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের কাছে সুপারিশ পেশ করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ সোমবার দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে।
রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
সমাপনী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ তৈরির সব ডকুমেন্ট, ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “এগুলো মহামূল্যবান সম্পদ। জাতি হিসেবে আমরা কোন প্রেক্ষাপটে, কী প্রক্রিয়ায় কোন সিদ্ধান্তে পৌঁছালাম—তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকা জরুরি। এগুলো হবে ইতিহাসের জীবন্ত দলিল।”
তিনি গবেষক, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই দলিলগুলোই ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।”
বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন বাংলাদেশের জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি গঠনের লক্ষ্যে কাজ করেছে। রাজনৈতিক দল, আইন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের অংশগ্রহণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান আমাদের যে সুযোগ দিয়েছে, তা হারানো যাবে না। কমিশনের প্রধান দায়িত্ব ছিল কাঠামোগত সংস্কারের রূপরেখা তৈরি করা—যা জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের ভিত্তি স্থাপন করবে।”
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে সরকারের নিবিষ্টতা ও সাহসিকতা এখন জরুরি। গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগের প্রতিফলনই হবে কার্যকর সংস্কার।”
কমিশন সদস্য বিচারপতি এমদাদুল হক বলেন, “গণ-অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ মনোভাব কমিশনের বৈঠকগুলোতেও প্রতিফলিত হয়েছে। এটা অত্যন্ত ইতিবাচক দিক।”
পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ বলেন, “প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলো ধৈর্যসহকারে আলোচনায় অংশ নিয়েছে। ভবিষ্যতেও এই সৌহার্দ্য বজায় থাকুক—এটাই প্রত্যাশা।”
দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি দুদক সংস্কারেও সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।”
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, “শহীদ পরিবারের সদস্যরা জানিয়েছেন, সংস্কার নিশ্চিত না হলে তাদের প্রিয়জনের আত্মত্যাগ বৃথা যাবে। যারা জুলাইয়ে জীবন দিয়েছেন, তারাই এই পরিবর্তনের ভিত্তি।”