জুলাই আন্দোলনের সময় আহত ও নিহতদের সরকারি তালিকায় অসঙ্গতি দেখা গেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি জানান, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না থাকা অনেকের নাম ভুলবশত ‘জুলাই শহীদ’ তালিকায় উঠে এসেছে, যেগুলো অচিরেই গেজেট থেকে বাদ দেওয়া হবে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, “জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিহতদের একটি তালিকা পাই এবং সেটি গেজেট করি। পরে ফেব্রুয়ারিতে আহতদের তালিকাও আসে এবং সেদিনই তা গেজেট করা হয়।”
তিনি আরও বলেন, “আমাদের অভিজ্ঞতা আছে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির ক্ষেত্রেও—পাঁচ দশক পরও পূর্ণাঙ্গ তালিকা হয়নি। একই ভুল যাতে জুলাই শহীদ ও আহতদের ক্ষেত্রেও না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করছি।”
ফারুক-ই-আজম জানান, আহতদের মাসিক ভাতা চালুর পাশাপাশি পুনর্বাসনের বিষয়েও সরকার কাজ করছে। এছাড়া মাঠ পর্যায়ের প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহায়তায় তালিকা আরও পরিশুদ্ধ করার কাজ চলছে বলেও জানান তিনি।