বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার ও বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওছার, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার ইকবাল রোকন, আজাদ সওদাগর, সাহেদ আলী ও আমিনুল ইসলাম শান্ত প্রমুখ। এসময় সেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা অভিযোগ করে বলেন, প্রহসনের নির্বাচনের মধ্যদিয়ে শেখ হাসিনা ক্ষমতা দখল করে আছে। আজ সারাদেশে আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। বক্তারা আরও বলেন, বিএনপিসহ সারা দেশের মানুষ আজ আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে পড়েছে। আর আওয়ামী লীগের এই জিম্মি দশা থেকে দেশকে রক্ষা করতে খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। বক্তারা আগামী আন্দোলন সংগ্রামে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।