জার্মানবাংলা রিপোর্ট: সেকায়েপ প্রকল্পের শিক্ষকদের চাকরি স্থায়ীকরণে দাবিতে অষ্টম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন চলছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছেন, যেন অতি দ্রুত সময়ের মধ্যে যেন তাদের চাকরি স্থায়ীকরণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করা হয়।
মানসম্মত শিক্ষকের অভাবে দেশের শিক্ষা ব্যবস্থায় সমস্যাগুলো চিহ্নিত করে ২০১৫ সালে সরকার সেকায়েপ প্রকল্পের মাধ্যমে ২৫০টি উপজেলার ২১শত মাধ্যমিক প্রতিষ্ঠান থেকে মেধাবী এবং নিজ জেলার সর্বোচ্চ নম্বরধারী বিষয়ভিত্তিক ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৫২শত তরুণ শিক্ষক নিয়োগ দেয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে মডেল শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার পাশাপাশি প্রকল্পর নির্দিষ্ট সময় শেষে চাকরি স্থায়ীকরণের বিষয়টি উল্লেখ ছিল বলেই জানা যায়।
সূত্রে জানা যায়, প্রকল্প শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষামন্ত্রণালয়কে জানানো হয় সেকায়েপভুক্ত শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে। ২০১৮ সালের আগস্ট মাসে এমপিওভুক্তি করণের লক্ষ্যে মাউশি থেকে শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে তালিকা নেয়। এসিটিদের তৈরি উপকমিটি গত ১৮ নভেম্বরের সিদ্ধান্তের আইনি জটিলতায় শিক্ষকদের এমপিও করা সম্ভব হয়নি। তবে এসব অভিজ্ঞ মেধাবী শিক্ষকদের এসইডিটি নামক প্রোগ্রামে সরাসরি নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করা হয়। কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি। বিনা বেতনে ১৪ মাস ধরে পাঠদান করে আসছেন তারা।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষকরা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক আশ্বাস ও প্রধানমন্ত্রীর সুপারিশের পরও বিফল হয়ে ৪র্থবারের মতো রাস্তায় অবস্থান নিয়েছেন সেকায়েপ প্রকল্পের শিক্ষকগণ।
সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত শ্রেণি (এসিটি) শিক্ষকদের টানা অনশন কর্মসূচি চলছে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে। অনশনে গত ৭ ফেব্রুয়ারি ৮জন শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে বর্তশানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে আন্দোলনকারিরা জানিয়েছেন।
জানা যায়, সেকায়েপ প্রকল্পের শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে গত ৩ ফেব্রুয়ারি রোববার শুরু হওয়া অবস্থান কর্মসূচির পর থেকে শিক্ষকরা টানা অনশন পালন করছেন।
আন্দোলনে অংশ নেয়া শিক্ষক মুহম্মদ মুকাদ্দিস-উল-ইসলাম অনিক জানান, দারিদ্রপীড়িত ও দুর্গম এলাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া কমাতে ২০১৫ সালে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রজেক্টের আওতায় নিয়োগ দেওয়া হয় ৫ হাজার ২ শত শিক্ষক। প্রকল্প শেষে এসিটিদের এমপিও সিস্টেমে অন্তর্ভুক্তিসহ যাবতীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রকল্পটি শেষ হওয়ার পর তাদের স্থায়ীকরণের আর কোন দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। তাই তারা নিরুপায় হয়ে আন্দোলনে নেমেছেন।
অনশনকারীরা বলেন, ১৪ মাস ধরে বিনা বেতনে পাঠ দান করে আমরা ক্লান্ত। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছি। অবশেষে ৪র্থ বারের মত আন্দোলনে বাধ্য হয়েছি।
এ বিষয়ে বাংলাদেশ এসটি এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক চন্দ্র বর্মণ (সভাপতি) জানান, বর্তমান শিক্ষাবান্ধব শেখ হাসিনা সরকার কাউকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেনি। মানবিক দৃষ্টিকোন, বয়স ও অভিজ্ঞতার কথা বিবেচনা করে সেকায়েপভুক্ত এসিটিদের বিনা শর্তে দ্রুত পরবর্তী প্রকল্পে (এসইডিপি) স্থানান্তর অথবা চাকরি স্থায়ীকরণে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ দাবি করেন।