গাজীপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার সকালে শহরের রাজবাড়ীস্থ জেলা প্রশাসক অফিসে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিকুজ্জামান পেলেন প্রতীক মোটরসাইকেল। ইজাদুর রহমান- ঘোড়া, রীনা পারভীন- আনারস , কফিল উদ্দিন – দোয়াত কলম ও শফিকুল ইসলাম পেলেন কাপ পিরিচ প্রতীক। প্রতীক বরাদ্দের পর আরো চাঙ্গা হচ্ছে প্রচারণা কার্যক্রম । নির্বাচনী আইন মেনে নির্বাচনী প্রচারণা চালাবেন মর্মে প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান রিটার্নিং অফিসার এ এইচ এম কামরুল হাসান।
আগামী 8 মে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। মির্জাপুর, পিরুজালী, ভাওয়াল গড় ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর সদর উপজেলা। যেখানে মোট ভোটার সংখ্যা এক লাখ।
ব্যালটে অনুষ্ঠেয় এই নির্বাচনে সকল প্রার্থীর স্ব স্ব ক্ষেত্রে দলীয় পরিচিতি থাকলেও স্বতন্ত্র হয়েই অবতীর্ণ হয়েছেন নির্বাচনে।তবুও প্রচারণায় দেখা যাচ্ছে দলীয় ছাপ। পদ পদবী পরিচয় দিয়ে সবাই ভোট প্রার্থনা করছেন । দলীয় কর্মীরা গ্রুপে বিভক্ত হয়ে ভোট প্রার্থনা করছেন ।