বৃহস্পতিবারও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেলের এমপিও প্রক্রিয়াকরণ সার্ভার কাজ করছে না। সার্ভারে নতুন কিছু সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সার্ভার জটিলতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেলের এমপিওর কার্যক্রমে বিঘ্ন ঘটছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা।
মাউশি সূত্র জানায়, সার্ভারের পাসওয়ার্ড যার কাছে তিনি বিদেশে অবস্থান করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে তিনি দেশে ফিরেছেন এবং দ্রুত সমাধানের কাজ চলছে।
জানা যায়, ইএমআইএস সেলের প্রধান জামিলুর রহমান বিদেশ সফরে গেছেন। সাথে নিয়ে গেছেন এমপিও প্রক্রিয়াকরণ সার্ভারের পাসওয়ার্ড। অন্য কাউকে হস্তান্তর করে যাননি পাসওয়ার্ড। ফলে চারদিন বন্ধ ছিল সার্ভার। মে মাসের এমপিও প্রক্রিয়াকরণ বন্ধ ছিল। গতকাল বুধবার দেশে ফিরেছেন তিনি।
এদিকে ইএমআইএস সেলের আরো ৫ জন শিক্ষক ভ্রমণে মালয়েশিয়া রয়েছেন। বুধবার বিকেলে অফিসে যোগ দিয়ে জামিলুর দেখেন আরও নতুন সমস্যা যুক্ত হয়েছে। সব মিলে বৃহস্পতিবারও সার্ভার কাজ করছে না।
শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, নয়টি আঞ্চলিক অফিস থেকে টেলিফোনে সার্ভার জটিলতার কথা জানানো হয়েছে। প্রায় ৩০ হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হবেন জটিলতা দূর না হলে।
বেসরকারি শিক্ষক সমিতির মহাসচিব মো. নজরুল ইসলাম রনি বলেন, সার্ভারের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলার কারণে স্কুল-কলেজ ও মাদরাসার এমপিও প্রক্রিয়াকরণে বার বার সার্ভার জটিলতা সৃষ্টি হয়। আসলে শিক্ষা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে বেসরকারি শিক্ষকদের পদায়ন দেয়া জরুরি।