কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।
বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় মওলানা ভাসানী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ভিপি পদপ্রার্থী শেখ সাদী হাসান। এ সময় জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখীসহ অন্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বৈশাখী অভিযোগ করেন, বিভিন্ন হলে তাদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, “তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। ভোটার তালিকায় ছবির অনুপস্থিতি, জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, আর ২১ নম্বর হলে মব সৃষ্টি হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে নিরপেক্ষতা নেই। জামায়াত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন ব্যবহার করা হয়েছে, ব্যালট পেপারেও অনিয়ম ঘটেছে। কিছু হলে একই শিক্ষার্থী একাধিকবার ভোট দিয়েছেন বলে দাবি করেন তিনি।
বৈশাখী বলেন, “শিবিরপন্থী সাংবাদিকরা আমাদের প্রার্থীদের সঙ্গে অসদাচরণ করেছে। নির্বাচন সুষ্ঠু হয়নি, শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন ঘটছে না। এটি প্রহসনের নির্বাচন। তাই বর্জন করতে বাধ্য হচ্ছি।”