গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৮৫ জন করোনা শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্ত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের রবিউল ইসলাম। ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ তার আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত সাতক্ষীরা জেলা থেকে মোট ১ হাজার ৪৭৬ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৮৫ জনের করোনা পজিটিভ ও বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে।
এদিকে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করতে সাতক্ষীরায় নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অভিযান অব্যাহত থাকলেও জেলা শহরসহ বিভিন্ন উপজেলা গুলোতে সাধারন মানুষ যেন কিছুতেই মানছেননা সামাজিক দূরত্ব। একই সাথে অনেকেই ব্যবহার করছেননা মাস্ক, বিশেষ করে গ্রাম অঞ্চলে মাস্কের ব্যবহার নাই বললেও ভূল হবে না । এর ফলে আইন শৃখংলা বাহিনীর সদস্যরা রীতিমত হিমশিম খাচ্ছেন।
এদিকে, সরকারী আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘন্টায় ৪২ টি মামলায় ২১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর গত ১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৬৫টি মামলায় ১ লাখ ৬২ হাজার ৬০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায় যে, জেলায় করোনা প্রতিরোধে শুরু থেকে আজ পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন শতাধিক মামলায় মোট ৩৭ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।