বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৬টি ল্যাবে ৫ হাজার ৭’শ ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জনে।দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৮ জনে। দেশে করোনা শনাক্তের ৬৪ তম দিনে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
রবিবার দুপুরে, করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২২ হাজার ৬৫৭টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৮৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। এদের ১০ জন পুরুষ ও চারজন নারী। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২২৮-এ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৬ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৬৫০ জন
স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
গত ২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
প্রসঙ্গত , গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ মার্চ।