খুলনা প্রতিনিধিঃ যশোর বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো করেছে খুলনা জেলার স্কুলগুলো। এ বছর যশোর বোর্ডে গড় পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ হলেও বোর্ডের অধীন খুলনা জেলায় পাসের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ। গত বছর খুলনা জেলায় পাসের হার ছিল ৮১ দশমিক ২৭ শতাংশ। খুলনা পাসের হারে ২০১৭ সালে বিভাগের শীর্ষে থাকলেও গত বছর দ্বিতীয় স্থানে চলে যায়। এ বছর আবার বোর্ডের মধ্যে খুলনা শীর্ষস্থানে উঠে এসেছে।
যশোর বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের চেয়ে বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ পাওয়ার সংখ্যা বেড়েছে। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এদিকে পাসের হারে বিভাগের ১০ জেলার মধ্যে খুলনার পর সাতক্ষীরা জেলায় ৯৩ দশমিক ৫৪ শতাংশ, বাগেরহাট জেলায় ৯২ দশমিক ৯৪ শতাংশ, মাগুরা জেলায় ৯১ দশমিক ৯৮ শতাংশ এবং যশোর জেলায় ৯০ দশমিক ৫৫ শতাংশ পাসের হার নিয়ে তালিকার শীর্ষ পাঁচে আছে। এরপর পাসের হারে বোর্ডের বাকি পাঁচ জেলার ক্রম হলো মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও নড়াইল জেলা।