খুলনা প্রতিনিধি:দীর্ঘ এক যুগ পর অবশেষে চালু হচ্ছে খুলনা নার্সিং কলেজ। ইতোমধ্যে এ কলেজে পোস্ট বেসিক নার্সিং ও বিএসসি পাবলিক হেলথ নার্সিং কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ থেকে ৩০ জুনের মধ্যে ভর্তির জন্য ১২৫ জনের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করা হয়।
গত ১৪ জুন অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার পর ১৫ জুন এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার স্বাক্ষরিত ওই অফিস আদেশ অনুযায়ী ২২ থেকে ৩০ জুন শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা। দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত নির্বাচিত নার্সরা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র গ্রহণপূর্বক খুলনা নার্সিং কলেজে ভর্তি হবেন বলেও ওই আদেশে উল্লেখ করা হয়। ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য এবং শুন্য আসন সংখ্যা জানিয়ে খুলনা নার্সিং কলেজের অধ্যক্ষ পয়লা জুলাই পত্র দেবেন মহাপরিচালককে।
খুলনা নার্সিং কলেজের অধ্যক্ষ খালেদা বেগম বলেন, ভর্তির জন্য ইতোমধ্যেই নির্বাচিত নার্সরা কলেজে আসতে শুরু করেছেন। খোঁজ খবর নিচ্ছেন। কলেজের হোষ্টেলে অথবা বাইরে যে কোন স্থানে শিক্ষার্থীদের থাকার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, খুলনাঞ্চলের নার্সরা অধিকাংশই বাইরে থাকবেন। তবে হোষ্টেলও প্রস্তুত করা হচ্ছে। অবশ্য ছেলেদের জন্য কোন আবাসন সুবিধা নেই। খুলনা নার্সিং কলেজে বর্তমানে অধ্যক্ষ ছাড়াও ১২জন প্রভাষক রয়েছেন। যে জনবল রয়েছে তা দিয়ে আপাতত ক্লাশ শুরু করা যাবে উল্লেখ করে তিনি বলেন, ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাশ শুরু হতে জুলাই মাসের শেষ নাগাদ লাগতে পারে।
দু’বছর মেয়াদী কোর্স ২০১৯-২০ শিক্ষাবর্ষ(জুলাই) থেকে শুরু হচ্ছে। আগামী বছর থেকে এভাবেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে। অর্থাৎ খুলনা নার্সিং কলেজ পরিচালনার ক্ষেত্রে এখন আর কোন প্রতিবন্ধকতা থাকল না। কিন্তু সীমানা প্রাচীর নিয়ে সৃষ্ট জটিলতা আদালতের মাধ্যমে শেষ হলেও মূল গেটের পাশে রাস্তার দাবিতে এলাকাবাসীর সাথে বিরোধের কারণে কার্যক্রম বন্ধ রয়েছে। এটি এখন বড় প্রতিবন্ধকতা বলেও কলেজ কর্তৃপক্ষ মনে করেন। যদিও এ বিষয়টি খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছে।