আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনবিরোধী অপশক্তির বিরুদ্ধে কঠোর সতর্কতা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা আসার পর স্বাধীনতাবিরোধী চক্র ও ২০২৪ সালের নির্বাচনে পরাজিত শক্তি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে নেমেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপালগঞ্জের বড়বাজার পৌর মার্কেটের জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সেলিমুজ্জামান সেলিম বলেন, যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই আজও দেশের অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা চায় না বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাক। তিনি মনে করেন, সময় এসেছে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার, যা দেশের অর্থনীতি, রাজনীতি ও শিক্ষা ব্যবস্থাকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা’র কথা উল্লেখ করে সেলিম বলেন, বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে এনেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা, নারীর শিক্ষা ও কর্মসংস্থান, মহিলাবিষয়ক অধিদফতর প্রতিষ্ঠা—এসবই বিএনপির ঐতিহাসিক অবদান।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। এই পরিবর্তনের প্রথম ধাপ হলো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। জাতির ভবিষ্যৎ নিশ্চিত করতে এই প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকউজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজসহ দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।