এবারের শারদীয় দুর্গোৎসব সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, রেকর্ড পরিমাণ সরকারি অর্থ বরাদ্দ, দীর্ঘমেয়াদি ছুটি, কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ আনন্দ-উৎসাহের আবহে দেশজুড়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহাষষ্ঠীর বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে নিজ নিজ ধর্মচর্চা, উপাসনালয় নির্মাণ এবং কোনো ধরনের বৈষম্য ছাড়াই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে। এ সময় ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দবন্ধটির পরিবর্তে ‘ধর্মীয় সম্প্রীতি’ কথাটি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, ‘আমরা কেউ এখানে সম্প্রদায় হয়ে আসিনি। দেশের প্রচলিত আইন বা সংবিধান কাউকে সম্প্রদায় হিসেবে চিহ্নিত করে না; আমরা সবাই বাংলাদেশের সমান অধিকারপ্রাপ্ত স্বাধীন নাগরিক।’ তিনি স্পষ্ট জানিয়ে দেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক ফায়দা ও কেবল ভোটব্যাংক হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালানো হলেও বর্তমান সরকার প্রতিটি মানুষকে কেবলই দেশের গর্বিত নাগরিক হিসেবে দেখে তাদের সমঅধিকারকে প্রাধান্য দিচ্ছে।
এ বছর বনানী পূজামণ্ডপের মূল থিম ‘জলজ’-এর ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় সংস্কৃতি, আবহ ও চিরায়ত উপকরণের সমন্বয়ে গড়ে তোলা এই নান্দনিক সাজসজ্জা অত্যন্ত অনন্য ও প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও নেপালের রাষ্ট্রদূত জ্ঞানশ্যাম ভান্ডারীসহ উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও ডিপ্লোমেটিক কোরের সদস্যরা। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাফুফে চেয়ারম্যান ও বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন)। গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহার সভাপতিত্বে এবং স্বপ্না ভৌমিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়। এর আগে দুর্গা মায়ের আগমনী সংগীত, শাস্ত্রীয় নৃত্য, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং বিশেষ শারদীয় প্রকাশনা ‘বোধন’-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে মহাষষ্ঠীর উৎসবমুখর সূচনা ঘটে।
সূত্র: বনানী পূজামণ্ডপে আয়োজিত মহাষষ্ঠীর আলোচনা সভা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়