সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে সব পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, উৎসবে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।
রবিবার (১১ অক্টোবর) ময়মনসিংহের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পূজা নির্বিঘ্ন করতে পুলিশ ও আনসারের পাশাপাশি প্রয়োজনে বিজিবির সমন্বয়ে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। প্রতিটি মণ্ডপে নজরদারি বাড়িয়ে আগে থেকেই সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
প্রশাসনের কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী উল্লেখ করেন, আইনশৃঙ্খলা বৈঠকের সিদ্ধান্তগুলো যেন কেবল কাগজেই সীমাবদ্ধ না থাকে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত উন্নয়ন প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি প্রতি মাসে নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃত্বের যৌথ প্রয়াস ছাড়া জেলার টেকসই অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে তিনি মাদকবিরোধী অভিযানের হালনাগাদ অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি প্রান্তিক মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম স্বচ্ছতার সাথে এগিয়ে নেওয়ার তাগিদ দেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী জানান, স্থানীয় সংসদ সদস্য ও সিটি করপোরেশনের সহায়তায় ময়মনসিংহের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে প্রকল্পের তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের ভবন সংস্কার ও সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, খাদ্যগুদাম স্থাপন ও নদীভাঙন প্রতিরোধের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যা আগামী বছর থেকে বাস্তবায়ন শুরু হবে।
উন্নয়ন বরাদ্দের স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে তিনি দৃঢ়তার সাথে জানান, কাজে কোনো ধরনের দুর্নীতি বা গাফিলতি সহ্য করা হবে না। অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং স্থানীয় আইনপ্রণেতারাও মাঠপর্যায়ে তদারকি বজায় রাখবেন।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ (ময়মনসিংহ-৮) এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়।