নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোলাজ ইত্তেফাক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণের আয়োজন সম্পূর্ণ প্রস্তুত। মন্ত্রিপরিষদ বিভাগ পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে।
শপথ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রপতিকে বরণ করে নিতে এবারও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, অনুষ্ঠান শুরুর আগে প্রায় ২৫টি ধাপে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। শপথের আনুষ্ঠানিকতা সাধারণত সাত থেকে আট মিনিটে শেষ হলেও পুরো আয়োজনের প্রস্তুতি শুরু হয় প্রায় এক মাস আগে।
অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনা তদারকির দায়িত্বে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব। আমন্ত্রিত অতিথিদের তালিকা প্রস্তুত, আমন্ত্রণপত্র ছাপানো ও বিতরণ এবং গুরুত্বপূর্ণ অতিথিরা আমন্ত্রণ পেয়েছেন কি না—এসব বিষয় দেখভালের জন্য জ্যেষ্ঠ কর্মকর্তার নেতৃত্বে একটি উপকমিটিও কাজ করেছে।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক এবং সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে বিশেষভাবে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক এক সচিব জানান, শপথ অনুষ্ঠানের অন্যতম কঠিন কাজ হলো গুরুত্বপূর্ণ অতিথিদের প্রটোকল অনুযায়ী আমন্ত্রণ জানানো, নির্ধারিত আসনে বসানো এবং তাদের আপ্যায়ন নিশ্চিত করা। একই সঙ্গে রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্য থেকে আমন্ত্রিতদের তালিকা চূড়ান্ত করাও বড় ধরনের চ্যালেঞ্জ।
বঙ্গভবনের দরবার হলে বর্তমানে প্রায় ৭০০ জনের বসার ব্যবস্থা থাকলেও এবার প্রায় ১ হাজার ৫০০ আমন্ত্রণ কার্ড ছাপানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দরবার হলের ভেতরে প্রায় ৮৫০ জনের বসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের জন্য বারান্দা ও মাঠের প্যান্ডেলে এলইডি স্ক্রিন স্থাপন করা হবে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ৯ জন ভোটদানে অনুপস্থিত ছিলেন। ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। অলি আহমদ পান ৮৮ ভোট।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। পরে সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।