জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন (সিওআই) মঙ্গলবার ইসরায়েলকে গাজায় ফিলিস্তিনিদের ধ্বংসের উদ্দেশ্যে গণহত্যা চালানোর অভিযোগ করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এই প্রতিবেদন প্রকাশ করেছে।
কমিশনের প্রধান নাভি পিল্লাই এক বিবৃতিতে বলেন, “গাজায় গণহত্যা ঘটছে এবং তা অব্যাহত রয়েছে। এর পূর্ণ দায় ইসরায়েল রাষ্ট্রের।” প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা উসকানিমূলক বক্তব্য দিয়ে এই গণহত্যার দায় থেকে রেহাই পেতে পারবেন না।
ইসরায়েল এ অভিযোগকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনের দাবি “বিকৃত ও মিথ্যা” আখ্যা দিয়ে, কমিশনটি অবিলম্বে বিলুপ্ত করার দাবি জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া সংঘাতের কারণে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় ৬৫ হাজার মানুষের মৃত্যু নিশ্চিত করেছে। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুদ্ধের ফলে বিপুলসংখ্যক মানুষ অন্তত একবার করে বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে ইসরায়েল গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করায় আরও বহু মানুষ ঘরবাড়ি হারাচ্ছেন। এতে জাতিসংঘ ইতিমধ্যেই ভয়াবহ দুর্ভিক্ষের সতর্কতা জারি করেছে।
সিওআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের পাঁচটি অপরাধের মধ্যে চারটি ইসরায়েলি কর্তৃপক্ষ ও সেনারা সংঘটিত করেছে।
এগুলো হলো:
জনগোষ্ঠীর সদস্যদের হত্যা করা।
গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি সাধন।
জনগোষ্ঠীকে ধ্বংসের মতো জীবনযাপনের শর্ত আরোপ করা।
জন্ম রোধের উদ্দেশ্যে পদক্ষেপ গ্রহণ করা।
সূত্র: আরব নিউজ।