বাংলাদেশ মহিলা পরিষদ সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সৃষ্ট সহিংসতা, নিষ্ঠুরতা ও নৈরাজ্যময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, রাজনৈতিক নেতাদের হত্যা, গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা, শিশু হত্যা, নারীদের উপর সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারসহ এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা জনমনে আতঙ্ক ও ভীতি তৈরি করেছে।
বাংলাদেশ মহিলা পরিষদ এই নৈরাজ্যকর পরিস্থিতির উন্নয়নকল্পে দোষী ব্যক্তিদের সনাক্তকরণ সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। তারা জনগণের নিরাপত্তা ও দেশে স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদ একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, নারী-পুরুষের সমতা ভিত্তিক, মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।