জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধীদলীয় কয়েকজন সদস্যের আসনে বসে থাকার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি এ ঘটনাকে জাতীয় মর্যাদা ও রাজনৈতিক সংস্কৃতির জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছে।
সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘ দেড় বছর পর শুরু হওয়া জাতীয় সংসদের অধিবেশন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। জনগণ গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। কিন্তু অধিবেশনের শুরুতেই জাতীয় সংগীতের সময় বিরোধীদলীয় কিছু সদস্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন না করে আসনে বসে থাকেন, যা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে।
বিবৃতিতে বলা হয়, জাতীয় সংগীত দেশের স্বাধীনতা সংগ্রাম, সার্বভৌমত্ব ও জাতীয় পরিচয়ের প্রতীক। এর প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি নাগরিক এবং বিশেষ করে জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব।
মহিলা পরিষদ মনে করে, সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় মর্যাদার জন্য নেতিবাচক বার্তা বহন করে। সংগঠনটি সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের জাতীয় সংগীতসহ সব জাতীয় প্রতীকের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ পরিহারের ওপর গুরুত্বারোপ করেছে।