আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের কাছে ‘হ্যাঁ-না’ ভোট ব্যবস্থাটি পরিষ্কারভাবে তুলে ধরা একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এ ক্ষেত্রে তথ্য ক্যাডারের জনসংযোগ কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর সভাপতিত্ব করেন।
তথ্য সচিব বলেন, সরকার আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে। তিনি আরও বলেন, গত ১৫ বছরের নির্বাচনকে ঘিরে জনগণের যে নেতিবাচক অভিজ্ঞতা রয়েছে, তা দূর করতে ভোটারদের নির্বাচনমুখী করা জরুরি—বিশেষ করে তরুণ প্রজন্ম, নারী এবং অনগ্রসর অঞ্চলের ভোটারদের।
‘হ্যাঁ-না’ ভোট পদ্ধতি নিয়ে সচেতনতা সৃষ্টির প্রসঙ্গে তিনি বলেন, অনেক ভোটার এই প্রক্রিয়ার সঙ্গে পরিচিত নন। তাই সহজ ভাষায় বিষয়টি ব্যাখ্যা করা হবে অন্যতম দায়িত্ব।
গুজব ও অপতথ্য রোধে তথ্য কর্মকর্তাদের প্রত্যুৎপন্ন ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সচিব বলেন, নির্বাচনকে ঘিরে ভুল তথ্য ছড়ানো ঠেকাতে সঠিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। কর্মকর্তাদের নির্বাচনি আইন-কানুন গভীরভাবে জানার পরামর্শও দেন তিনি।
সভায় জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ে প্রচার-প্রচারণার কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি ৩০টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।